নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে মুখ ও হাত-পা বেঁধে ধ’র্ষ’ণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে মুখ ও হাত-পা বেঁধে ধ’র্ষ’ণ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত একজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর বাবা সোমবার (১৫ জুন) মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। অভিযুক্ত হিসেবে উপজেলার রানা হিজল গ্রামের মুন্না (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় তারা স্থানীয় এক ব্যক্তির বসতবাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন।

গত ১২ জুন রাতের দিকে শিশুটি ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ১৪ জুন পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এরপর পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের পরিবারের কাছে বিষয়টি জানানো হলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ভুক্তভোগী পরিবার হুমকির মুখে পড়ার অভিযোগও করে।

পুলিশ জানায়, শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বলছে, আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।