
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি ট্রেনের গতিবিধি বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে রেললাইন পারাপারের সময় অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। তবে নিহত নারীর পরিচয় ও ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :