টিনের বেড়া কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
টিনের বেড়া কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেক নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকীম। এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া পুলিশ ক্যাম্পে অভিযুক্তকে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তার স্বামী জীবিকার তাগিদে কুমিল্লায় দিনমজুরের কাজ করেন। ঘটনার রাতে তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে একই গ্রামের বাসিন্দা তারেক ঘরের দরজার পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি ঘরে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র খোঁজাখুঁজি করেন। কিছু না পেয়ে যাওয়ার সময় জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। পরদিন শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযুক্ত তারেককে আটক করেন। পরে তাকে মারধরের পর রাত ১০টার দিকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় তারেক ছাড়াও আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তারা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত তথ্য গোপনের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করার জন্য ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখানো হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সবার বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকীম বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।