চাঁদপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
চাঁদপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খোলাগাঁও গ্রামে সাদিয়া আক্তার (২৫) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দিনের বেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাতে তার মরদেহ বাবার বাড়ির পাশে ফেলে যাওয়ার ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার ও এলাকাবাসী।

নিহত সাদিয়া আক্তার খোলাগাঁও গ্রামের শহীদ উল্লাহ ও রুশিয়া বেগমের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বড় বোনের বাড়িতে থাকতেন। নিহতের বাবা-মা জানান, রোববার (১৪ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সাদিয়া। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে রাত আনুমানিক ১১টার দিকে সাদিয়ার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে একটি কল আসে। ওই ফোনকলের মাধ্যমে জানানো হয়, সাদিয়া ওষুধ সেবন করে মারা গেছেন এবং তার মরদেহ খোলাগাঁও গ্রামের একটি দোকানের সামনে রাখা আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কচুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। তবে ঘটনাটি নিয়ে নিহতের পরিবারের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে। তাদের দাবি, নিখোঁজ হওয়ার পর মরদেহ বাবার বাড়ির পাশে রেখে যাওয়া এবং মোবাইল ফোন থেকে মৃত্যুর খবর জানানো—এটি স্বাভাবিক ঘটনা নয়। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে আত্মহত্যা হিসেবে দেখছেন, আবার কেউ পরিকল্পিত হত্যাকাণ্ডের আশঙ্কাও করছেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।