গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগকারী বাফার ভেঙে যাওয়ায় ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মশাখালি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করছিল। মশাখালি এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিন ও বগির সংযোগকারী বাফার ভেঙে যায়। এতে ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। বিচ্ছিন্ন ইঞ্জিন ও বগি পুনরায় সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা যাত্রীর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণও জানা যায়নি।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় এ রুটের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।