কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

টানা চার দিন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার পর ১২ জন নারী, পুরুষ ও শিশুকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার চরবিলগাথুয়া সীমান্তের এস-৩ এলাকার ১৪৮ নম্বর সীমান্ত পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা ১১টার দিকে শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।

এর আগে শুক্রবার (১২ জুন) ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুসহ মোট ১২ জনকে দৌলতপুরের চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠানো হয়।

এরপর থেকে নারী, পুরুষ ও শিশুরা সীমান্তের শূন্যরেখায় মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিলেন। এ ঘটনায় শনিবার অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

তবে সোমবারের বৈঠকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। আলোচনা শেষে বিএসএফ ১২ জনকে নিজ হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিজিবি জানিয়েছে, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।