
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (১৫ জুন) বিকেলে গাংনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন গাংনী মহিলা কলেজপাড়ার নুহু হোসেন (৯), উত্তরপাড়ার মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছা এলাকার আব্দুল মান্নান (৭০), বাজারপাড়ার ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়া আরও সাতজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েকজন পথচারীর ওপর আক্রমণ চালিয়ে কামড়ে দেয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে কুকুরটি আরও কয়েকজনকে কামড়ায়। অল্প সময়ের মধ্যে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে তারা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন।
আহতদের মধ্যে ১০ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, দুপুরের পর থেকে কুকুরে কামড়ানো একাধিক রোগী হাসপাতালে আসেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
স্থানীয়রা বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :