১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ (১৪ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। জেলা পর্যায়ে উন্নত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উদ্যোগে এসব আইসিইউ স্থাপন করা হয়েছে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নতুন স্থাপিত আইসিইউগুলোর কার্যক্রম উদ্বোধন করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। নতুন আইসিইউ চালু হওয়া হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণ (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি আইসিইউতে শিশুদের জন্য শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র, আধুনিক মনিটরিং ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ের জটিল ও সংকটাপন্ন রোগীরা স্থানীয়ভাবেই উন্নত চিকিৎসাসেবা পাবেন। বিশেষ করে গুরুতর অসুস্থ শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের রাজধানী কিংবা বড় শহরের হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন অনেকাংশে কমে আসবে।

স্বাস্থ্য বিভাগ মনে করছে, এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি, মহামারি বা সংকটকালীন সময়ে জেলা পর্যায়ে চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোগীদের দ্রুত ও কার্যকর সেবা প্রদান আরও সহজ হবে।