বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পরে জাইমা রহমান তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, তিনি আইন পেশায় কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এটি তার ব্যক্তিগত একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি। জানা গেছে, তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়ায় তিনটি ধাপ রয়েছে—এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। এই তিন ধাপ সফলভাবে উত্তীর্ণ হলে সংশ্লিষ্টরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

উত্তীর্ণ আইনজীবীরা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করতে পারেন। তবে উচ্চ আদালতে প্র্যাকটিসের জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন হয়। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি এ পরীক্ষার আয়োজন ও নীতিগত দিকনির্দেশনা দিয়ে থাকে।