সীমান্তে বিজিবির গুলি, ভারতীয় চোরাকারবারি আহত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির গুলি, ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালালে একজন চোরাকারবারি আহত হয় বলে জানানো হয়েছে। ঘটনার পর আহত ব্যক্তি ও তার সহযোগী অপর চোরাকারবারি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি আরও জানায়, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে গোয়েন্দা অনুসন্ধান শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ অবস্থানে রয়েছে।