ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২

খুলনা মহানগরীতে ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আলম মন্ডল (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে মসজিদজুড়ে।

গুলিতে লোকমান হাকিমের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ ও ডান হাতের বাহুতে গুলি লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হামলার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

মসজিদের মতো ধর্মীয় উপাসনালয়ে নামাজরত অবস্থায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।