পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না আসামির


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না আসামির

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি একাধিক মামলার পলাতক আসামি মো. সাব্বির ফকিরের (২৫)। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন লতিফ তালুকদারের পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির ফকির উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং একটি চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্টও রয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে তিনি পুকুরে ঝাঁপ দেন।

তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করতে সক্ষম হয় বলে জানান তিনি। পরে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।