জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, শাস্তি পেলেন ওসি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, শাস্তি পেলেন ওসি

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। একইসঙ্গে থানার দায়িত্বে আনা হয়েছে নতুন ওসিকে।

শনিবার (১৩ জুন) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

পুলিশ কমিশনারের আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে সিএমপি লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি হিসেবে এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) রাতে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। এ ঘটনায় ইতোমধ্যে খুলশী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাঈম হাসান জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য এবং দেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ। তাকে হেনস্তার অভিযোগে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত তথ্য সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।