চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা


বরগুনা জেলা প্রতিনিধি, জাকির হোসেন  প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৪ জুন) সকালে থানার ব্যারাকে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে ডিউটি শেষ করে ফারুক গাজী ব্যারাকে এসে বিশ্রাম নেন। পরে ভোরের দিকে তিনি ব্যারাকের ভেতরেই কীটনাশকজাতীয় গ্যাস ট্যাবলেট সেবন করেন। কিছু সময় পর সহকর্মীরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।