
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে থানার ওসির অপসারণ দাবি করায় উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
রোববার (১৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির একাংশ এ দাবি তোলে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, দলের নীতির বাইরে গিয়ে কিছু ব্যক্তি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন এবং প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করছেন। তিনি দাবি করেন, নাশকতা মামলার এক আসামি গ্রেপ্তার হওয়ার পর তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উপজেলা বিএনপির আহ্বায়ক ক্ষুব্ধ হয়ে ওসির বিরুদ্ধে অবস্থান নেন এবং থানার কর্মকর্তার অপসারণ দাবি করেন।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিএনপির ব্যানার ব্যবহার করে একটি পক্ষ প্রশাসনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে বলেও জানান বক্তারা।
এর আগে একই দাবিতে উপজেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তুষভান্ডার বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।
সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান কান্তি, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ সালেহ আহমেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :