৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজন


​লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য | প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়কের কাকিনা চাঁপারতল এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির স্থানীয় কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

লালমনিরহাট জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কাজে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম মমিনুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লালমনিরহাটকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পর অতিথিরা মহাসড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে লালমনিরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।