৩৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
৩৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে পতাকা তৈরি ও প্রদর্শন নিয়ে চলে তুমুল প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় এবার নরসিংদীর পলাশে আর্জেন্টিনা সমর্থকরা তৈরি করলেন ৩ হাজার ৩০০ ফুট দীর্ঘ বিশাল পতাকা, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে আলির মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিশাল পতাকা নিয়ে র‌্যালি বের করেন সমর্থকরা। ঢাকঢোলের তালে তালে শত শত সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে র‌্যালিতে অংশ নেন।

স্থানীয়দের মতে, এর আগে একই এলাকায় ব্রাজিল সমর্থকরা প্রায় ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ পতাকা প্রদর্শন করেছিলেন। সেই চ্যালেঞ্জকে টক্কর দিতেই এবার আর্জেন্টিনা সমর্থকরা আরও বড় আকারের পতাকা তৈরি করেন।

র‌্যালি চলাকালে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান, গান ও বাদ্যযন্ত্রের শব্দে। সমর্থকরা জানান, তারা তাদের প্রিয় দল আর্জেন্টিনা এবং ফুটবল তারকা লিওনেল মেসিকে ভালোবেসেই এই উদ্যোগ নিয়েছেন।

র‌্যালি শেষে বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে ব্যান্ডের তালে তালে নাচ-গান ও উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। আয়োজকদের দাবি, এটি এখন পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ সমর্থক পতাকা প্রদর্শন হিসেবে বিবেচিত হবে। সমর্থকরা আরও আশা প্রকাশ করেন, আর্জেন্টিনা এবার বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করবে।