সেই লাগেজ নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, আহত ১৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
সেই লাগেজ নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি সৌদি আরব থেকে ফেরার পথে একটি লাগেজ ফেলে আসেন। পরবর্তীতে সেই লাগেজ ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

হজ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, লাগেজ হারানো বা ফেলে আসার দায় হজযাত্রীর নিজের। এ বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সির অফিসে গিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া যায়।

এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, লাগেজ সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।