
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তবে সীমান্তে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
শুক্রবার (১২ জুন) রাতে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি-সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ, আট নারী ও পাঁচ শিশুসহ মোট ১৫ জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই ব্যক্তিরা তখন শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
খবর পেয়ে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থান নেন। এতে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর এবং সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। টহল ও নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :