বিগত সরকার শিক্ষকদের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে: শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
বিগত সরকার শিক্ষকদের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের উৎসব ভাতা ও কল্যাণ ভাতার প্রায় সাত হাজার কোটি টাকা বিগত সরকার আত্মসাৎ করেছে। তিনি বলেন, শিক্ষাখাতের উন্নয়ন এবং শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি শিক্ষিত ও দক্ষ জাতি হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সবাইকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

এসএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে তিনি বলেন, সিলেবাস শেষ হওয়ার পরপরই পরীক্ষা নেওয়ার লক্ষ্যে পরীক্ষার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। এর ফলে সেশনজট কমবে এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দ্রুত অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ২০২৭ সালে পাঠ্যবই পরিমার্জন করা হবে এবং ২০২৮ সালে জাতীয় শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হবে। বিশ্বায়নের যুগের চাহিদা অনুযায়ী আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি আগামী জুলাই থেকে সারা দেশে মিড-ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, সোনারগাঁয়ে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে।

এ সময় জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।