বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

দুই দশকেরও বেশি সময় পর কক্সবাজার সফরে এসে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি। সফরের শুরুতেই কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে অবস্থিত পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পাতলী খাল বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও সেচ ব্যবস্থার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, পিএমখালীর এই পাতলী খাল সেই উদ্যোগের অন্যতম স্মারক হিসেবে বিবেচিত। জানা যায়, ১৯৭৯ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান নিজেই এই খাল খনন কার্যক্রমের উদ্বোধনে অংশ নিয়েছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, খালটি পুনঃখননের ফলে স্থানীয় কৃষি উৎপাদন, সেচব্যবস্থা, পানি নিষ্কাশন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এদিকে সরকারের বৃহৎ জলসম্পদ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়ন করছে। এর প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।

পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, খাল খননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখলমুক্ত করার কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে।দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।