
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুরিয়ার পারভীন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মাদকবিরোধী প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় মাদক নির্মূলে সরকারের বিভিন্ন উদ্যোগ, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও মতামত তুলে ধরা হয়।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :