নওগাঁয় ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
নওগাঁয় ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই

নওগাঁয় পুরাতন মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১৩ জুন) দুপুরে নওগাঁ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার জানান, শুক্রবার (১২ জুন) সদর উপজেলার বারমাসি বিলের কচুরিপানার নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়নুল নামের এক ব্যক্তিকে শহরের একটি এলাকা থেকে এবং আশরাফুলকে মান্দা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

পুলিশের ভাষ্যমতে, গত ৭ জুন মান্দা উপজেলার সুতিহাট এলাকায় শফিকুলকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ৮ জুন তাকে ভীমপুর কলেজ মোড়ে ডেকে নেওয়া হয়। সেখান থেকে দুইটি মোটরসাইকেলে করে তাকে বারোমাসি বিলের পার ঘাটি ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

সেখানে পূর্বপরিকল্পিতভাবে শফিকুলের ওপর হামলা চালানো হয়। একজন পেছন থেকে তার গলায় রশি দিয়ে টান দেন, অন্যদিকে গ্রেপ্তারকৃত জয়নুল তার হাত এবং আশরাফুল পা চেপে ধরেন। এতে তিনি নিস্তেজ হয়ে পড়লে তাকে পানিতে ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় এবং পরে কচুরিপানার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, হত্যাকাণ্ডের পর শফিকুলের কাছে থাকা ১৫০০ টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লোভ এবং ব্যক্তিগত ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।