দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জন হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হাম রোগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৭৬৩ জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের সন্দেহজনক হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। একই সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

এ ছাড়া এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। অন্যদিকে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। টিকাদানের আওতার বাইরে থাকা শিশুদের মধ্যে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। তাই হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, দেশে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।