দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে বাবা আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
দুই মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সী শিশুপুত্রকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় ফুলগাজী ভূমি অফিসের পাশে মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জুনায়েদ। গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি দাবি করেন, এর আগেও কয়েকবার শিশুটিকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে একপর্যায়ে আছাড় দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান দাবি করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। তার ভাষ্য অনুযায়ী, শিশুটিকে নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত হাত থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সুলতানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এবং রুনা আক্তারের বাড়িও একই এলাকায়। কয়েক বছর আগে তারা ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন। বর্তমানে তারা একটি ভাড়া বাসায় থাকতেন। সুলতান বিভিন্ন স্থানে দিনমজুর হিসেবে কাজ করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।