দিনাজপুরে ১২টি মসজিদ ও মন্দির সংস্কারে ৫০ লাখ টাকার ডিও বিতরণ


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
দিনাজপুরে ১২টি মসজিদ ও মন্দির সংস্কারে ৫০ লাখ টাকার ডিও বিতরণ

দিনাজপুরে ধর্মীয় উপাসনালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে ১২টি মসজিদ ও মন্দির সংস্কারের জন্য ৫০ লাখ টাকার ডিও বিতরণ করা হয়েছে। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের দ্বিতীয় ধাপের আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ জুন, ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডিও বিতরণ করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ বরাদ্দ দেওয়া হয়েছে। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” নীতিতে বিশ্বাস রেখে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোর সংস্কারে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে দিনাজপুর সদর উপজেলার ১২টি মসজিদ ও মন্দিরের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে ডিও তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর একসঙ্গে বড় অঙ্কের এ বরাদ্দ পাওয়ায় স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং উপাসনালয়গুলোর উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিষ্ঠান কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।