
দিনাজপুরে তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ জুন) দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এসইডিপির আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান শক্তি। তাদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তুলতে এবং সৃজনশীল মেধার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী কাজ দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল। তিনি বলেন, পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে বিজ্ঞানের ব্যবহার কীভাবে করা যায়, তার বাস্তব উদাহরণ শিক্ষার্থীরা তাদের প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করেছে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রদর্শনীতে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তথ্যপ্রযুক্তিনির্ভর স্টার্টআপ পরিকল্পনা, পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন এবং সামাজিক সমস্যার প্রযুক্তিগত সমাধান নিয়ে নির্মিত বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অতিথিরা স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহানউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনী শেষে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :