
চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রধারী এক যুবকের ছবি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি রাঙ্গুনিয়া যুবদলের সহ-সভাপতি এবং বিএনপির সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে এক যুবককে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের একজন ওই যুবকই ছিলেন এবং হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলেই তাকে দেখা গেছে। তবে ওই ছবির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছবিটি যাচাই করা হচ্ছে এবং যুবকের পরিচয় শনাক্তে একাধিক টিম কাজ করছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এদিকে জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে রাউজান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হত্যাকাণ্ডের পর স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :