
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে কামারখোলা এলাকায় মাওয়ামুখী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওভার ব্রিজে ওঠার ঢালের সার্ভিস রোডে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :