
রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকার কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদভিক পরিবারের সদস্যদের সঙ্গে প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে আসা একটি প্রাইভেটকার এবং রাজবাড়ী থেকে পাংশাগামী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
ইজিবাইকের চালকের দাবি, তার সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেওয়ার পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইজিবাইকের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহতরা হলেন— জ্যোতি খেতান (৩২), মহাদেব (২৫), মো. সুয়াদ (৩৭), সেলিনা (৫০) এবং ইসলাম মণ্ডল (৫০)। আহতদের উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জ্যোতি খেতান, মহাদেব ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, আহত জ্যোতি খেতান জয়পুরহাটে বাবার বাড়ি থেকে ফরিদপুরের অম্বিকাপুরে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও ইজিবাইক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :