ফুলবাড়ীতে ৫ম শ্রেণির শিশুশিক্ষার্থীর ব্যাগে ২ কেজি গাঁজা


শাহজামাল শাওন ফুলবাড়ী, কুড়িগ্রাম। প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
ফুলবাড়ীতে ৫ম শ্রেণির শিশুশিক্ষার্থীর ব্যাগে ২ কেজি গাঁজা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুনের (১২) বহন করা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে এবং তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকে (২২) আটক করা হয়।

আটক নাদিরা খাতুন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। তাদের মতে, কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক এবং সমাজের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তারা এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “ঘটনার নেপথ্যে অন্য কোনো ব্যক্তি বা মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করেছে। শিশুদের মাদক পরিবহনে ব্যবহার রোধে কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।