
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফুফাতো বোনের সঙ্গে জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শ গ্রাম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই এলাকার মিনহাজুল ইসলামের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সাব্বির তার ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি জাম গাছের নিচে জাম কুড়াতে যায়। গাছটি একটি গভীর পুকুরের পাড়ে অবস্থিত ছিল। সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে পুকুরের পাড় পিচ্ছিল হয়ে থাকায় জাম কুড়ানোর একপর্যায়ে সাব্বির ও তার ফুফাতো বোন পা পিছলে পানিতে পড়ে যায়।
তাদের পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সাব্বিরকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ঘটনার পর এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বর্ষাকালে পুকুরের পাড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জাম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বর্ষাকালে বাড়ির পাশে জলাশয় বা পুকুর থাকলে শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। অভিভাবকদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”
স্থানীয়দের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশের জলাশয়গুলোতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
আপনার মতামত লিখুন :