গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে মদনপুরের চানপুর এলাকায় আক্তার হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আহমদ মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) এবং অন্য পরিবারের শিশু হযরত আলী (৮)। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে রান্না করার সময় চুলায় দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এতে পাঁচজনই দগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা পাঠান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপে লিকেজ থাকার কারণে আগেই ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ফলে চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং রান্নাঘরসহ পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে। তিনি জানান, সুলতানার শরীর ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এদিকে এই দুর্ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বাসাবাড়িতে গ্যাস সংযোগ ব্যবহারে সতর্কতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।