৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও! 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও! 

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক নবজাতকের জন্মকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জন্মের পরপরই দেখা যায়, শিশুটির দুই হাত ও দুই পা মিলিয়ে মোট ৩০টি আঙুল রয়েছে। একই সঙ্গে চিকিৎসকরা জানান, শিশুটির জন্মগতভাবে জিহ্বা নেই—যা অত্যন্ত বিরল একটি শারীরিক জটিলতা।

গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে মঠবাড়িয়ার ড্রিম অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই স্বজন ও কৌতূহলী মানুষ শিশুটিকে দেখতে ভিড় করেন। মুহূর্তেই ঘটনাটি এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শিশুটির বাবা ইসমাইল পালোহন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। পরিবারে এর আগে চারটি সন্তান থাকলেও তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তবে নবজাতকের এই ব্যতিক্রমী শারীরিক গঠন দেখে পরিবারসহ এলাকাবাসী হতবাক হয়ে পড়েছেন।

শিশুটির মা জেসমিন আক্তার বলেন, সিজার করার জন্য ধারদেনা করে হাসপাতালে আসতে হয়েছে। এখন সন্তানের চিকিৎসা কীভাবে চালাবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানান।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত আঙুল নিয়ে জন্ম নেওয়ার এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘পলিড্যাকটিলিজম’ বলা হয়। তবে শিশুটির জিহ্বা না থাকা একটি অত্যন্ত বিরল জন্মগত ত্রুটি, যা নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ মূল্যায়ন প্রয়োজন।

নবজাতক ও শিশু চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান বলেন, শিশুটির শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন করে ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। উন্নত চিকিৎসার মাধ্যমে কিছু জটিলতা সমাধানের সম্ভাবনাও থাকতে পারে বলে তিনি জানান।

এদিকে শিশুটির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি যারা আর্থিক সহায়তা করতে চান, তাদের জন্য ০১৭৯৬০১৯৭৮৭ এই যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাধারণভাবে মানুষের হাত ও পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু এই নবজাতকের ক্ষেত্রে হাতে ১৬টি এবং পায়ে ১৪টি আঙুল রয়েছে, যা তাকে বিরল জন্মগত শারীরিক অবস্থার এক ব্যতিক্রমী উদাহরণে পরিণত করেছে।