স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জুয়েল আহমেদ রানা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত জুয়েল আহমেদ রানা মুক্তদাহ গ্রামের বাসিন্দা এবং ওয়াদুদ খন্দকারের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, সকালে মুক্তদাহ মোড়ে রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, স্থানীয় নজরম মেম্বারের ছেলে বাবু ও সুমনসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। অভিযোগ রয়েছে, হামলার সময় তার দুই পায়ের হাঁটুর নিচের অংশও ভেঙে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করেন, সকালে তিনি মেয়েকে স্কুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলাকারীরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্বামীর ওপর হামলা চালায় বলে দাবি করেন তিনি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জুয়েল আহমেদ রানার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বিচার দাবি করেছে। স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।