
সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। চুরি, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানায়, মোংলা থানার আওতাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। স্টেশনটি চালু হওয়ার পর বনদস্যুদের অস্ত্র, রসদ ও লজিস্টিক সহায়তা সরবরাহের পথ অনেকাংশে বন্ধ হয়ে যায়। ফলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুর্বৃত্তরা অতর্কিতভাবে জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে কোস্ট গার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অবৈধ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে কোস্ট গার্ডকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সুন্দরবনে বনদস্যু দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করাই তাদের মূল লক্ষ্য বলে মনে করছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাহিনীটি স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের হামলা, ভয়ভীতি, অপপ্রচার বা ষড়যন্ত্র তাদের দায়িত্ব পালন এবং অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না।
আপনার মতামত লিখুন :