
চট্টগ্রাম নগরীতে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই শাহাব উদ্দিনের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে শোকাহত হয়ে তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারুও মারা গেছেন। বুধবার (১০ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতরা হলেন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি এলাকার শাহাব উদ্দিন (৭৭) এবং তার ছোট ভাই মোহাম্মদ পেয়ারু (৬৬)। তারা দুজনই মৃত ছাবের আহমদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় পরিবারের প্রয়োজনীয় কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাব উদ্দিন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই। পরিবারের সদস্যরা জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর ছোট ভাই মোহাম্মদ পেয়ারু গভীরভাবে মর্মাহত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার রহমান নগরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি বলেন, কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু পরিবারকে শোকের সাগরে নিমজ্জিত করেছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ইউনূস বলেন, এক ভাইয়ের দুর্ঘটনায় মৃত্যু এবং অন্য ভাইয়ের শোকে হৃদরোগে মৃত্যু—এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয়রা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :