পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তারা দুজনই শৌখিন মৎস্যশিকারী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

স্থানীয়দের বরাতে আরও জানা গেছে, অটোরিকশার যাত্রীরা বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত গতির যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।