পারিবারিক কলহে নিজেকে শেষ করে দিলেন সাবেকুর নাহার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
পারিবারিক কলহে নিজেকে শেষ করে দিলেন সাবেকুর নাহার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষাক্ত ওষুধ সেবন করে সাবেকুর নাহার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ছতুরাশরীফ ইউনিয়নের তন্তর পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাবেকুর নাহার ওই গ্রামের বাসিন্দা শাহজালালের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে সাবেকুর নাহার বিষাক্ত ‘কেরি বড়ি’ সেবন করেন। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।

পরে স্বামী শাহজালাল ও তার বড় ভাই দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় তন্তর মাতৃসেবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সাবেকুর নাহার শান্ত স্বভাবের ছিলেন এবং তার এমন মৃত্যুর ঘটনায় সবাই মর্মাহত। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ উল ইসলাম জানান, ঘটনাটি আত্মহত্যাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।