নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে জখম 

নড়াইলে যুবদলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত মো. কালাম মোল্লা (৩৮) নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মৃত আপিল উদ্দিন মোল্লার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাম মোল্লা লোহাগড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে ফিরছিলেন। পথে দিঘলিয়া বাজারের দক্ষিণ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।

হামলায় কালাম মোল্লার বাম হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার করেন। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে হামলার পেছনে পূর্বশত্রুতা বা রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিকে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা।