
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বার্ষিক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
“দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে গ্রাম আদালতে আসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার (১০ জুন) সকালে কাকিনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাকিনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন শরিফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশার মানুষ, নারী-পুরুষ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজলভ্য, দ্রুত এবং কম খরচে বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এ সেবাকে আরও বিস্তৃত ও জনবান্ধব করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মোছা. নাজনীন সুলতানা, কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন (বাবু), কাকিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলী, ২ নম্বর ওয়ার্ডের সদস্য তুহিনুর রহমান তুহিন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন এবং গ্রাম পুলিশ সদস্যরা।
কর্মসূচির সমাপনী পর্বে উপস্থিত জনসাধারণের মধ্যে গ্রাম আদালতের সেবা ও বিচারপ্রক্রিয়া সম্পর্কিত তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান এবং গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
আপনার মতামত লিখুন :