আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, অতঃপর…

খুলনার কয়রায় আম খেয়ে একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। বাকি চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১০ জুন) অসুস্থদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লতিকা সানা (৫৫)-কে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার মঠবাড়ি গ্রামের বিবেকানন্দ সানার স্ত্রী।

অসুস্থদের মধ্যে রয়েছেন তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) এবং প্রকাশ সানা (৫১)। তারা সবাই বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) রাতে স্থানীয় বাজার থেকে কেনা আম খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। রাতের মধ্যেই তারা পেটের ব্যথা ও শারীরিক দুর্বলতায় ভুগতে থাকেন। পরদিন বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য নীতিশ সানা জানান, আম খাওয়ার পর সবাই প্রাথমিকভাবে স্বাভাবিক ছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন। তবে ভোরের দিকে তাদের পেটে তীব্র ব্যথা ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য জানান, পাঁচজনকে ডায়রিয়া ও খাদ্যজনিত অসুস্থতার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি প্রাথমিকভাবে ধারণা করেন, আমে অতিরিক্ত রাসায়নিক বা ক্ষতিকর উপাদান ব্যবহারের কারণে এ ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বাজারে বিক্রি হওয়া ফলের গুণগত মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।