প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে সোয়া লাখ ইয়াবা উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে সোয়া লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রমের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়।

একপর্যায়ে ঢাকামুখী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করলে বড় দারোগারহাট ওজন স্কেলের সামনে গাড়িটি থামিয়ে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি জব্দ করে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়। তল্লাশির সময় গাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলের উপস্থিতিতে সিলিন্ডারটি খোলা হয়।

সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বায়ুনিরোধক মোড়কে সংরক্ষিত ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে অভিনব এই পদ্ধতি ব্যবহার করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।