নেত্রকোনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
নেত্রকোনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) ঘটনাটির ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার (৯ জুন) রাতের কোনো এক সময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভ-এর ওপর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তিনজন যুবক বেদি থেকে নেমে আসে। এ সময় পাশ থেকে কয়েকজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হলেও স্মৃতিস্তম্ভটি স্টিলের কাঠামো হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে পরিকল্পিত অস্থিতিশীলতার চেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।