
কুমিল্লা থেকে ‘নাড়ু’ লেখা কার্টনে করে পাঠানো দুটি পার্সেল থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৯ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের স্থানীয় শাখায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুটি কার্টন তল্লাশি করে সাতটি প্যাকেটে রাখা মোট প্রায় ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
তদন্তে জানা গেছে, কার্টন দুটি গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে ঘোষণা দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক পাচারকারীরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালাকির আশ্রয় নিয়ে গাঁজা পাঠানোর চেষ্টা করেছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে চালানটি গন্তব্যে পৌঁছানোর আগেই শনাক্ত করা সম্ভব হয় এবং তল্লাশির মাধ্যমে মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা গাঁজার উৎস, সংশ্লিষ্ট চক্র এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মাদক চোরাচালান রোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করা হলেও নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার কারণে অনেক চালান আগেই ধরা পড়ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশের এই সফল অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :