৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল স্বাভাবিক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ
৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় এবং বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে পারেনি।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত পাওয়ার কারটি সরিয়ে নেওয়া হয় এবং রেললাইন পুনরায় চলাচলের উপযোগী করা হয়। পরে দুপুরের দিকে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হওয়ার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকারী দলের সহায়তায় দ্রুত লাইনচ্যুত অংশ সরিয়ে নেওয়ার পর রেলপথে চলাচল পুনরায় শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।