শরীয়তপুরে রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
শরীয়তপুরে রাসেল ভাইপারের কামড়ে যুবদল নেতার মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর রাসেল ভাইপারের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১০ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ বালা ওই গ্রামের বাসিন্দা এবং সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন। তিনি মৃত নজরুল ইসলাম বালার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চরসেনসাস বাজারে নিজের দোকানের কাজ শেষ করে পাশের একটি দোকানে যাওয়ার সময় রাস্তার পাশে রাখা খড়ের স্তূপ থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমদিকে স্থানীয়রা তাকে ওঝার কাছে নেওয়ার পরামর্শ দিলেও পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে পরিবারের সদস্যরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। আরএমও ডা. নাসির উদ্দিন জানান, রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, “খোরশেদ বালা আমাদের সংগঠনের সহসভাপতি ছিলেন। বাজারে দোকান বন্ধ করে ফেরার পথে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় রাসেল ভাইপারের উপস্থিতি বেড়েছে। সচেতনতা বৃদ্ধি এবং সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।