
লালমনিরহাটে গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ব্র্যাক।
আজ বুধবার বিকেলে ব্র্যাক জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দাবি’ কর্মসূচির আওতায় প্রান্তিক নারীদের হাতে অনুদান হিসেবে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। প্রথম ধাপে ৪৩টি পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।
ব্র্যাক জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় জেলার মোট ১৬৫টি পরিবারকে আত্মনির্ভরশীল করতে প্রত্যেকের মাঝে ২০টি করে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হবে। শুধু বিতরণই নয়, এগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিকভাবে লালন-পালনের জন্য সুফলভোগীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণও দিচ্ছে সংস্থাটি।
এছাড়া আজ সুবিধাভোগীদের যাতায়াত খরচ হিসেবে নগদ ৩০০ টাকা করে প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল আলম ও আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় এরিয়া ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
গ্রামীণ নারীদের আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে ব্র্যাকের এই উদ্যোগ এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :