রংপুরে বাসদ মার্কসবাদী জেলা কর্মীসভা অনুষ্ঠিত


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
রংপুরে বাসদ মার্কসবাদী জেলা কর্মীসভা অনুষ্ঠিত

রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল ১১টায় । সভার সভাপতিত্ব করেন পার্টির জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সংগ্রামী আহ্বায়ক কমরেড মাসুদ রানা। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, মিঠাপুকুর থানার সংগঠক বাদশা মিয়া, নাজনীন বেগম, মিজানুর রহমান, সদর উপজেলার ফুলবাবু, রংপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দেলোয়ার হোসেন, সিদ্দিক মিয়া, খোদেজা বেগম ও এরশাদ মিয়া সভায় অংশ নেন।

কেন্দ্রীয় বক্তা কমরেড মাসুদ রানা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা, মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। তবে আওয়ামী লীগের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দুই বছর শাসন করার পর জনগণের আকাঙ্খা পূরণের কোন লক্ষণ দেখায়নি। নির্বাচনের আগে দেশের সাথে করা আন্তর্জাতিক চুক্তি দেশকে নির্ভরশীল করে তুলেছে, যার ফলে কৃষি ও পোল্ট্রি খাতসহ দেশের অর্থনীতি সংকটে পড়বে এবং লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে গঠিত সরকার ও সংসদের বিরোধী দল উভয়ই জনস্বার্থের জন্য কাজ করছে না, বরং ধনীর শ্রেণীর স্বার্থেই সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যেই জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের জীবিকা আরও দুর্বিষহ হয়ে উঠেছে, আর কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না।

কমরেড মাসুদ রানা বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনেই বৈষম্য দূর হবে না বা দুর্নীতি কমবে না। এ শোষণমূলক ব্যবস্থাকে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে উচ্ছেদ করতে হবে। সেই আন্দোলনকে শক্তিশালী করতে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষদের পার্টি বাসদ (মার্কসবাদী)কে সমর্থন করতে হবে। তিনি উপস্থিত কর্মীদের ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় কনভেনশন সফল করার আহ্বান জানান।