ভাড়া বাসায় মিলল নারী পোশাককর্মীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
ভাড়া বাসায় মিলল নারী পোশাককর্মীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা (১৭) নামে এক নারী পোশাককর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) সকালে উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সাহেরা টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে স্বামী শ্যামলকে নিয়ে কালিয়াকৈর উপজেলার ঢুলিগড়া টাওয়ার মার্কেট এলাকায় মানিক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন সাহেরা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী শ্যামল একজন গাড়ির হেলপার।

ঘটনার দিন মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্যামল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে রাত আনুমানিক ২টার দিকে ফিরে এসে তিনি দেখেন, ঘরের দরজার বাইরে থেকে ছিটকিনি লাগানো। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, সাহেরা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার গলায় কাপড় প্যাঁচানো ছিল।

এ সময় তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম জানান, মরদেহে গলার কাছে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।